দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে পশ্চিমঘাটের বিস্তীর্ণ অংশকে ‘বাস্তুতন্ত্র সংবেদনশীল অঞ্চল’ (ইকোলজিক্যালি সেনসিটিভ এরিয়া বা ESA) হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে গুজরাট, গোয়া এবং মহারাষ্ট্রে এই সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তামিলনাড়ুতেও বিষয়টি নিয়ে বিশেষ আপত্তি না থাকলেও কর্ণাটক ও কেরলের সঙ্গে এখনও আলোচনা চলছে।
২০১৩ সালে প্রাক্তন ইসরো প্রধান কে কস্তুরীরঙ্গনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি পশ্চিমঘাটের ছয়টি রাজ্যে ৫৬ হাজার বর্গকিলোমিটারেরও বেশি এলাকা পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল বলে ঘোষণা করার সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সময়ে একাধিক খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে রাজ্যগুলির আপত্তি এবং স্থানীয় স্বার্থের প্রশ্নে গত ১৩ বছরে মোট ছয়বার সংশোধন করতে হয়েছে প্রস্তাবটি।
চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হলে পরিবেশ সুরক্ষা আইন, ১৯৮৬-এর আওতায় পশ্চিমঘাটের নির্দিষ্ট অংশে নতুন খনি ও পাথর খাদান, তাপবিদ্যুৎ কেন্দ্র, দূষণকারী শিল্প এবং ২০ হাজার বর্গমিটারের বেশি নির্মাণ প্রকল্পের উপর কড়া নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা কার্যকর হবে।
পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গুজরাট ইতিমধ্যেই ৬৪টি গ্রামের প্রায় ৪৫০ বর্গকিলোমিটার এলাকা ইএসএ হিসেবে চিহ্নিত করতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্রে প্রায় ১৭,৩৪০ বর্গকিলোমিটার এলাকা এই আওতায় আনার প্রস্তাব রয়েছে, যদিও কিছু শিল্প ও খনি প্রকল্পের স্বার্থে ৩৭৮টি গ্রামকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। গোয়াও ১০৮টি গ্রামের মধ্যে ২১টি গ্রামকে তালিকার বাইরে রাখার অনুরোধ করেছে।
অন্যদিকে, পশ্চিমঘাটের সবচেয়ে বড় অংশ কর্ণাটকে হলেও সেখানকার সরকার কস্তুরীরঙ্গন কমিটির রিপোর্টের বিরোধিতা করেছে এবং বিকল্প প্রস্তাব দেওয়ার বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। কেরলও ইডুক্কি ও ওয়ানাড়ের কয়েকটি অঞ্চল বাদ দিয়ে ৮,৮০৫ বর্গকিলোমিটার এলাকাকে ইএসএ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব দিয়েছে, যদিও কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি সেই দাবির সঙ্গে পুরোপুরি একমত নয়।
জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষ্ণা, গোদাবরী ও কাবেরীর মতো গুরুত্বপূর্ণ নদীর উৎসস্থল হিসেবে পশ্চিমঘাটের পরিবেশ রক্ষা এখন কেন্দ্রের কাছে অন্যতম অগ্রাধিকার। সেই কারণেই বহুদিনের জট কাটিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার।







