নিজস্ব সংবাদদাতা : পাখির নজরে চব্বিশের লোকসভা। সেই লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক জেলা পুনর্বিন্যাসের লক্ষ্যে পদ্মশিবির। সূত্রের খবর, বৈঠকে সামিল রাজ্য বিজেপি। জয়ী পঞ্চায়েত সদস্যদের দলে ধরে রাখা, ত্রিশঙকু পঞ্চায়েতগুলিতে বোর্ড গঠন করার কৌশল নিয়ে আলোচনা হয় উক্ত বৈঠকে।
উল্লেখ্য, আগামী মাসেই রাজ্যে আসার সম্ভাবনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর একে একে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বও বঙ্গে প্রচারে আসবেন। অংশ নেবেন সাংগঠনিক বৈঠকেও। শীঘ্রই রাজ্যে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাংলাজুড়ে দলকে সর্বস্তরে মজবুত করার লক্ষ্যে, সাংগঠনিক জেলা ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়ার পন্থা অবলম্বন করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। সেক্ষেত্রেই এবার কিছুটা রদবদলের চিন্তা। বাংলায় পঞ্চায়েত নির্বাচন ঘিরে যে বিপুল আসন্তোষ, হিংসা, ব্যালট লুঠের মতো একের পর এক অভিযোগ উঠেছে, এর আঁচ পৌঁছেছে দিল্লি পর্যন্ত। বাংলায় এসেছে তথ্যানুসন্ধান দলও।






