অনুব্রত মণ্ডলের মত ক্ষিপ্র বক্তব্য এখন বিজেপি নেতা সুকান্ত মজুমদারের মুখে। গতকাল দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজয়া সম্মেলনী মঞ্চে দাঁড়িয়ে এমন সুরেই কথা বললেন তিনি। তিনি বলেন,”এখনও সময় আছে সোজা হয়ে যান, না হলে পিটিয়ে সোজা করব।”
এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে আরেক রাজনৈতিক নেতার কটাক্ষ ও রাজ্যবাসীর কাছে নতুন নয়। তবে অনুব্রত মন্ডলের মতো মারকাটারি বক্তৃতা অন্য কোন রাজনৈতিক নেতার মুখে এখনও শোনা যায়নি। কিন্তু এবার সেই সুরেই কথা বললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। গতকাল বিষ্ণুপুরের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে শাসক দলের দুর্নীতি ও রাজ্য পুলিশের অক্ষমতা নিয়ে অনেক কথা বলেন তিনি।
গতকাল বিষ্ণুপুরের মঞ্চ থেকে সুকান্ত মজুমদার হুশিয়ারি দেন,”দিন পরিবর্তন হচ্ছে। পুলিশ যদি সিধে না হয়, আমরা পিটিয়ে সিধে করব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে। সময় এখনও আছে, সিধে হয়ে যান।দু’দিন আগে তৃণমূলের এক মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছিল সাধারণ মানুষ। মানুষ জেগে উঠছে।”
সুকান্তের এমন উগ্র বক্তব্যের পর চর্চা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে জনসমক্ষে পুলিশকে পেটানোর এমন বক্তব্যে কি প্রতিক্রিয়া দেবে রাজ্য শাসক দল তৃণমূল সেটাই এখন দেখার।







