রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেপ্তারির পর থেকে তাঁকে জেরা করছেন ইডির আধিকারিকরা। রহস্যভেদের মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, “আমি নির্দোষ। বিজেপিকে দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব। আমি ইতিমধ্যেই মুক্ত হয়ে গিয়েছি। দু দিনের মধ্যে সব প্রমাণ হয়ে যাবে। মমতাদি, অভিষেক সব জানেন”।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এরুপ মন্তব্য করার পরই আসরে নামেন বিরোধীরা।বিরোধীদের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন বলে প্রাক্তন খাদ্যমন্ত্রী আসলে রেশন বণ্টনে দুর্নীতির কথাই বলতে চাইছেন। জ্যোতিপ্রিয়র এই মন্তব্যই বিরোধীদের হাতিয়ার হয়ে ওঠে”।
আজ্ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল। সিজিও থেকে বেরনোর সময় ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমার শরীরটা খুব খারাপ। ডান হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিত্সার জন্য যাচ্ছি। চিকিত্সা করিয়ে ফিরে আসব”। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।







