‘নন্দীগ্রাম প্রসঙ্গে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন তা অন্যায্য ও অসত্য’, সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এহেন মন্তব্য করলেব কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী অতি কুৎসিত মানসিকতা নিয়ে এক প্রাক্তন আইএএস-এর বই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বলেও অভিযোগ তাঁর।
শোভনের উবাচ, ‘রাজনীতি করতে নেমে ইতিহাসকে বিকৃত করছেন উনি। এটা কখনওই মেনে নেব না। আমি ওই আক্রমণের প্রতিবাদ জানাচ্ছি। বাংলার মানুষ জানেন সেদিন কী হয়েছিল।’ প্রসঙ্গত, লক্ষ্মীপুজোয় অধিকারী পরিবারের আমন্ত্রণ পেয়ে নিমন্ত্রণ রক্ষার্থে কাঁথির ‘শান্তিকুঞ্জ’এ উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তকে স্বাগতম বার্তা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে নানাবিধ কড়া মন্তব্য করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূলনেত্রী মমতা যে বাড়ি থেকে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই বাড়িতে (শান্তিকুঞ্জ) ছিলেন উনি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামের ঘটনা ঘটেছিল। ২০০৮ সালের ১৩ মার্চ এই বাড়ির ছাদে ছিলেন রাতে। নন্দীগ্রাম নাহলে দিদি তো মুখ্যমন্ত্রী হতে পারতেন না।’
প্রসঙ্গত, গত শুক্রবার কাঁথি পুলিসের কাছে হাজিরা দেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। তবে সুপ্রিম কোর্ট জানায়, পুলিস তদন্ত করতে পারবে, কিন্তু মোক্ষম সিদ্ধান্ত এখনই নয়। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন সৌমেন্দু অধিকারী।







