ট্রফি হাতে পেলেও আসল বিজয়ীর তকমা থেকে এখনও অনেক দূরে চার্চিল ব্রাদার্স। আই লিগের ময়দান থেকে আদালত পর্যন্ত টানটান উত্তেজনায় জমেছে পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রীড়া আদালত (কাস) নতুন নির্দেশ দিয়ে ফেডারেশনকে আরও বড়ো চাপের মুখে ফেলেছে।
রবিবার দুপুরে ফেডারেশন চার্চিলের হাতে আই লিগের ট্রফি তুলে দিলেও, কয়েক ঘণ্টার মধ্যেই কাস নির্দেশ দেয়, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্চিলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা যাবে না। ক্যাসের সহ-সভাপতি এলিজাবেথ স্টেনারের সই করা চিঠি স্পষ্ট করে দেয়, এখনই পুরস্কার বিতরণী আয়োজন অনুচিত ছিল। যদিও ফেডারেশন দাবি করেছে, ছুটির দিনে ক্যাসের রায় আসার আগেই ট্রফি বিতরণ হয়ে গিয়েছে।
গোটা বিতর্কের কেন্দ্রে রয়েছে ইন্টার কাশী বনাম নামধারী এফসির বিতর্কিত ম্যাচ। কাশীর দাবি, নামধারী এক নিষিদ্ধ ফুটবলারকে নিয়মভঙ্গ করে খেলিয়েছে। প্রথমে শৃঙ্খলারক্ষা কমিটি কাশীকে তিন পয়েন্ট দিলেও, পরে তা স্থগিত করে। ফলে লিগ টেবিলে চার্চিল এগিয়ে যায় এক পয়েন্টে। ক্ষুব্ধ কাশী আইনি পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়।
এখন ক্যাসের নির্দেশনায় ফেডারেশন, চার্চিল ও নামধারীকে নিজেদের যুক্তি জমা দিতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। ফলে চার্চিলের হাতে ট্রফি থাকলেও চ্যাম্পিয়নির মর্যাদা এখন ঝুলে আছে আইনি জটিলতার মধ্যে।
সুতরাং, এখন পুরো ভারতীয় ফুটবলমহল তাকিয়ে আছে কাসের চূড়ান্ত রায়ের দিকে। এই রায় শুধু আই লিগের বিজয়ী নির্ধারণ করবে না, ফেডারেশনের কর্মকৌশল ও দায়িত্ব নিয়েও বড়ো প্রশ্ন তুলতে পারে।







