ধর্মের রাজনীতিতে সাসপেন্ড হুমায়ূন কবীর! সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিলেন, “ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না।” বৃহস্পতিবার , মুর্শিদাবাদে , মুখ্যমন্ত্রীর সভার দিনই সাসপেন্ড করা হলো হুমায়ূন কবীরকে । শৃঙ্খলাভঙ্গের অভিযোগেই , হুমায়ূনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ।
বেশ কিছুদিন ধরেই, হুমায়ূনের কথায় বিতর্ক তুঙ্গে উঠছিল । টানাপোড়েন চলছিল তাকে নিয়ে। হুমায়ূনকেও বহুবার শোনা গিয়েছে , দলের বিরুদ্ধে মুখ খুলতে। পাশাপাশি তার বাবরি মসজিদ তৈরির ইচ্ছাতেও সেরকম একটা সায় দেয়নি দল । এদিন ফিরহাদ হাকিম জানান , শৃঙ্খলারক্ষা কমিটির তরফে , তাকে সাসপেন্ড করার আগে , তিনবার সতর্ক করা হয়েছিল , কিন্তু কোনো কাজ হয়নি ।
তৃণমূলের সাফ কথা , ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে চলে তারা । সেখানে হুমায়ূন কবীর কেনো এইভাবে বাবরি মসজিদ তৈরিতে উদ্যত হয়ে পড়েছেন ? প্রশ্ন ফিরহাদ হাকিমের। তার কথায় , বাবরি মসজিদ তৈরি মানে , ফের বিতর্ক উসকে দিয়ে , সমাজকে ধর্মান্ধতার দিকে ঠেলে দেওয়া । তৃণমূলের প্রশ্ন , যদি মসজিদই তৈরি করতে হয় , তাহলে অন্য নামে কেনো নয় ?
হুমায়ূনের সাসপেনশনের কথা ঘোষণা করে , ফিরহাদ হাকিম জানান , “ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, তাদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না।” তিনি আরো বলেন , “প্রত্যেকবার ভোটের আগে কোনও না কোনও গদ্দারকে নিয়ে গিয়ে কার্ডটা খেলে। এবার হুমায়ুন ভাইকে ধরেছে। বিজেপির কথাতেই এই বিভেদের রাজনীতি করা হচ্ছে। যখন দেখল এসআইআর করে কিছু হচ্ছে না, তখন বিজেপি এই বিভেদ তৈরি করার চেষ্টা করছে।”







