কলকাতারাজ্য

কলকাতা বিমানবন্দর মেট্রো প্রকল্পে ফের জট: রাজ্যের ভূমিকা নিয়ে ক্ষোভ মেট্রো জেনারেল ম্যানেজারের

কলকাতা মেট্রো সম্প্রসারণ প্রকল্প নিয়ে ফের রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তিনটি নতুন রুটের উদ্বোধন হওয়ার দিনেও কার্যত ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট জানালেন— “আমরা চাই দ্রুত কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হোক। কিন্তু রাজ্য সরকার জমি না দিলে আমরা কিছুই করতে পারব না।”

প্রসঙ্গত, চিংড়িঘাটা ও নবদিগন্ত–সিটি সেন্টার অংশের জন্য প্রয়োজনীয় জমি এখনও রাজ্যের তরফে মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া হয়নি। মাত্র ৩৬৬ মিটার চিংড়িঘাটা করিডর নিয়ে মাসের পর মাস ধরে জট বজায় রয়েছে। মেট্রো জিএমের দাবি, এই জমি সময়মতো পাওয়া গেলে কবি সুভাষ–জয়হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বড় অংশই উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে যেত।

বেলেঘাটা পর্যন্ত কাজ শেষ হলেও বিমানবন্দর পর্যন্ত সংযোগ এখনো কার্যত অনিশ্চিত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে রেড্ডি বলেন, “রাজ্য সরকার যদি আজ জমি দেয়, আমরা নয় মাসের মধ্যেই বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু করতে পারব। আমাদের তরফে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু জমি মেলেনি। এখন সিদ্ধান্ত রাজ্যের।”

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন বারবার জমি-অভাবে আটকে যাচ্ছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেট্রো প্রকল্প। রাজ্যের তরফে এ বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতার যানজট নিরসনে বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েনেই বারবার আটকে যাচ্ছে প্রকল্পের ভবিষ্যৎ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.