অভিনয়ের দুনিয়ায় তাঁর যাত্রা শুরু টেলিভিশনের পর্দায়। ধীরে ধীরে বড়পর্দায় জায়গা করে নেন বিক্রান্ত মাসে।‘টুয়েলভথ ফেল’-এর মতো ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার জিতে এখন তিনি বলিউডের অন্যতম প্রশংসিত অভিনেতা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় নয়, জীবনের এক গভীর ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই সামনে আনলেন তিনি। জানালেন, কীভাবে স্ত্রীর প্রসবযন্ত্রণা এবং মাতৃত্বের বাস্তব রূপ তাঁর জীবনবোধ পালটে দিয়েছে।
২০২৪ সালে বাবা হন বিক্রান্ত। তাঁর স্ত্রী শীতল জন্ম দেন পুত্রসন্তান বরদানকে। শীতলের ৩০ ঘণ্টা ধরে চলা প্রসবযন্ত্রণা কাছ থেকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। বিক্রান্ত জানালেন,“মেনে নিচ্ছি, সন্তানের বেড়ে ওঠায় বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ; কিন্তু একজন মা যে কী অসীম ত্যাগ করেন, তা কোনও কথায় ব্যাখ্যা করা যায় না। শীতলকে এত দীর্ঘ সময় ধরে যন্ত্রণা সহ্য করতে দেখে আমার চোখ খুলে গিয়েছে।”
তিনি আরও জানান, গর্ভাবস্থায় স্ত্রীর শারীরিক পরিবর্তন, মানসিক চাপ, এবং প্রসবের মুহূর্তে যন্ত্রণা তাঁকে বুঝিয়েছে মাতৃত্ব কতটা মহৎ। তাঁর কথায়,“শীতলকে আমি দশ বছর ধরে চিনি, কিন্তু মায়েরূপে ওকে দেখে আমার ভালবাসা আরও গভীর হয়েছে। একজন নারী কী অসাধারণ শক্তির অধিকারী—তা প্রত্যক্ষ করেই বুঝেছি।”
স্ত্রীকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে উল্লেখ করে বিক্রান্ত বলেন,“শীতলই আমার জীবনের সব অভিযোগ দূর করেছে। ওর কারণে কোনও দিন কমিটমেন্ট ফোবিয়া হয়নি। আমার স্থিরতার জায়গাটা ও-ই।”
২০২২ সালের ভ্যালেন্টাইনস ডে–তে গাঁটছড়া বাঁধেন শীতল ও বিক্রান্ত। বর্তমানে পেশার পাশাপাশি নতুন বাবা-মা হিসেবে সন্তান বরদানকে ঘিরেই তাঁদের দিন কাটছে। ব্যক্তিগত জীবনের এই অভিজ্ঞতাই এখন বিক্রান্তের কাছে তাঁর সবচেয়ে বড় উপলব্ধি—একজন মায়ের শক্তি ও ত্যাগের মূল্য উপলব্ধি করা।







