কেন্দ্র

‘অপারেশন সিঁদুর’-এ শতাধিক জঙ্গি খতম, বদলার চেষ্টায় ব্যর্থ পাকিস্তান, সর্বদল বৈঠকে সরকারের পাশে বিরোধীরা

মঙ্গলবার রাতের আঁধারে ভারতীয় সেনাবাহিনীর মিডনাইট স্ট্রাইক ‘অপারেশন সিঁদুর’-এ একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে এবং একইসঙ্গে জারি রয়েছে এই অভিযান। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই তথ্য জানান। অন্যদিকে, পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রত্যাঘাত নিয়ে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর এই জরুরি বৈঠকে বিভিন্ন মন্ত্রকের সচিব, পিএমও-র আধিকারিক এবং প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও বিদেশমন্ত্রকের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও, তথ্য ও সম্প্রচার, শক্তি এবং স্বাস্থ্য মন্ত্রকের সচিবেরাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। সূত্র মারফত জানা গেছে, বৈঠকে সমস্ত মন্ত্রকের মধ্যে সমন্বয় বজায় রাখা, নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা, ভুয়ো খবর প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
এদিনের সর্বদল বৈঠকে বিরোধী দলগুলি একবাক্যে পাকিস্তানের জঙ্গি হামলার বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে। পহেলগাঁওয়ের নৃশংস হত্যাকাণ্ডের পরেও বিরোধীরা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে সীমান্ত এলাকায় পাকিস্তানের কিছু ‘দুঃসাহসিক’ কার্যকলাপের কথাও তুলে ধরেন।
এদিকে, ‘অপারেশন সিঁদুর’-এর বদলা নিতে মরিয়া পাকিস্তান ভারতের ১৫টি সেনা ছাউনিকে নিশানা করেছিল। তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত। বুধবার রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি সেনা ছাউনি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পাকিস্তানের। কিন্তু ভারতের অত্যাধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম এস-৪০০ মাঝ আকাশেই সেই সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়।
ভারতীয় সেনার এই অভিযানে কার্যত বিপর্যস্ত হওয়ার পরেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে শোনা যাচ্ছে ফাঁকা আওয়াজ ও মিথ্যে আস্ফালন। তিনি দাবি করেন, পাকিস্তান শত্রুপক্ষের বিমান ভূপাতিত করতে ২৪ ঘণ্টা প্রস্তুত ছিল এবং ভারতকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে। তাঁর এই মন্তব্যকে অবশ্য আন্তর্জাতিক মহল তেমন গুরুত্ব দিচ্ছে না। বরং ভারতের সফল অভিযান এবং বিরোধী দলগুলির সমর্থন সরকারের মনোবল আরও দৃঢ় করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.