তেলুগু ফ্যান্টাসি-ড্রামা ‘কান্নাপ্পা’ মুক্তির আগেই তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একাধিক জনপ্রিয় তারকার উপস্থিতি এই ছবিকে ঘিরে বাড়িয়েছে কৌতূহল। অক্ষয় কুমার, প্রভাস, মোহনলাল, কাজল আগরওয়ালসহ আরও অনেকেই থাকছেন এই ছবিতে। সম্প্রতি, ছবির মুখ্য অভিনেতা ও প্রযোজক বিষ্ণু মঞ্চু এক সাক্ষাৎকারে ছবির বিশেষ চমক প্রভাসের চরিত্র নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, প্রভাস এই ছবিতে অভিনয় করছেন ‘রুদ্র’ নামক এক তপস্বীর ভূমিকায়। যদিও এটি অতিথি শিল্পীর চরিত্র, তবে প্রভাসের উপস্থিতি দর্শকদের জন্য বড়ো পাওনা হতে চলেছে। শুধু কয়েক ঝলক নয়, ছবির শেষ প্রায় ৫০ মিনিট জুড়ে তিনি থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
প্রভাসের স্ক্রিনটাইম প্রসঙ্গে বিষ্ণু বলেন,”হয়তো ১৫-২০ মিনিটের থেকেও খানিক বেশি।” এছাড়াও তিনি নিশ্চিত করেন, প্রভাস, বিষ্ণু এবং মোহন বাবুর চরিত্র একসঙ্গে স্ক্রিন ভাগ করবেন। অন্যদিকে, মোহনলালের ‘কিররাটা’ চরিত্রটির স্ক্রিনটাইম মাত্র ১৫ মিনিট এবং অক্ষয় কুমারকে ‘শিব’ রূপে দেখা যাবে প্রায় ১০ মিনিটের জন্য। প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট দৈর্ঘ্যের এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন, ২০২৫। চিত্রগ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে, এখন চলছে পোস্ট-প্রোডাকশনের শেষ ধাপ।
‘কান্নাপ্পা’র কাহিনি আবর্তিত হয়েছে পৌরাণিক চরিত্র কান্নাপ্পাকে ঘিরে। এক চরম নাস্তিক, যিনি পরে ঈশ্বরবিশ্বাসের পথে নিজেকে সমর্পণ করেন এবং হয়ে ওঠেন শিবের নিবেদিত ভক্ত। ছবিটি তার এই আধ্যাত্মিক উত্তরণের কাহিনিকে আধা-ভৌতিক, রূপক ও দর্শনচিন্তার মোড়কে এক বিশাল ক্যানভাসে উপস্থাপন করতে চলেছে। প্রতীক্ষায় প্রহর গুনছেন দর্শকরা। ‘কান্নাপ্পা’ কি এবার নতুন মাইলফলক স্থাপন করবে টলিউড-তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে? সময়ই বলবে।







