মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ ঘিরে হওয়া সংঘর্ষ মামলার শুনানিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের তরফে কড়া বার্তা শোনা গেল। আক্রান্তদের ক্ষতিপূরণের প্রশ্নে রাজ্যের অনীহা একেবারেই গ্রহণযোগ্য না।
ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ক্ষনিকের মধ্যেই ছড়িয়ে পরে হিংসার আগুন। বহু বাড়িঘর ভাঙচুর হয়, প্রাণহানির ঘটনাও ঘটে। সেই মামলায় তদন্তে গাফিলতির অভিযোগে এদিন জাতীয় তদন্ত সংস্থা (NIA)-কেও কড়া আক্রমণ হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণে আগেই এই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। যেখানে স্পর্শ জানানো হয়েছিল এনআইএ চাইলেই তদন্তের ভার নিতে পারে। তবুও এতদিন কোনও পদক্ষেপ করা হয়নি।
ক্ষতিগ্রস্তদের পক্ষে সওয়াল করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আদালত আগের অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে। ক্ষতিপূরণ নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে হবে। পাশাপাশি আগামী শুনানিতে তদন্তের অগ্রগতিতে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতার উচ্চ আদালত। এবার এই মামলার পরের শুনানি হবে দুর্গাপুজো ও কালীপুজোর পরে। ২০ শে নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।







