টলিউডে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে জ়ি৫-এর আসন্ন ওয়েব সিরিজ় ‘তারকাটা’। এই সিরিজ়ের মাধ্যমেই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় একসঙ্গে দুই ভূমিকায় আত্মপ্রকাশ করছেন অভিনেতা ও প্রযোজক হিসেবে। ফলে তাঁর কাঁধে এবার দ্বিগুণ দায়িত্ব, যা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে দর্শকমহলে।
পরিচালক শমীক রায়চৌধুরী-এর এই নতুন সিরিজ়ে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে বিক্রমকে। এতদিনের ‘চকোলেট বয়’ ইমেজ ভেঙে তিনি এখানে এক রুক্ষ, ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর চরিত্রে। গল্পে তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার, যিনি একটি রহস্যময় খুনের তদন্তে ফের ময়দানে নামেন। কিন্তু সেই তদন্ত কি তাঁর নিজের অতীতের সঙ্গে জড়িত? এই প্রশ্নই সিরিজ়ের মূল টানটান রহস্য তৈরি করেছে। বহুদিন পর এই সিরিজ়ে আবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা সরকার এবং বিক্রম। যদিও প্রিয়াঙ্কার চরিত্র নিয়ে এখনই পুরোটা খোলসা করতে চাইছেন না নির্মাতারা। প্রথম লুকে তাঁকে দেখা গিয়েছে একেবারে সাধারণ, সাদামাঠা চেহারায়, যা গল্পে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, খলনায়কের ভূমিকায় রয়েছেন ময়াং চ্যাং, যিনি এর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর চরিত্রও এই সিরিজ়ে গুরুত্বপূর্ণ মোড় আনবে বলে জানা যাচ্ছে।এছাড়াও সিরিজ়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন সত্যম চৌধুরী, দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য এবং আয়ুষ দাস। কলকাতা ও টাকির বিভিন্ন লোকেশনে হয়েছে এই সিরিজ়ের শুটিং, যা ভিজ়্যুয়াল দিক থেকেও দর্শকদের আকৃষ্ট করবে। অ্যাকশন, রহস্য আর মানসিক দ্বন্দ্ব। সব মিলিয়ে ‘তারকাটা’ ইতিমধ্যেই টলিউডের ওয়েব কনটেন্টে বড় প্রত্যাশা তৈরি করেছে।







