ভোটগ্রহণ পর্ব চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে বুথেই আচমকা লুটিয়ে পড়েন পোলিং এজেন্ট। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের পালি জেলার সুমেরপুর এলাকার। ওই বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর বুথে পোলিং এজেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন শান্তি লাল নামের ঐ ব্যক্তি।
যদিও কোন দলের হয়ে তিনি কাজ করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। শনিবার সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে রাজস্থানে। তার আগেই নির্ধারিত বুথে পৌঁছে গিয়েছিলেন ওই পোলিং এজেন্ট।
কিন্তু বেলার দিকে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। বুথেই মাথা ঘুরে পড়ে যান তিনি। তাঁকে ধরাধরি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু সেখানকার চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক ভাবে চিকিত্সকদের ধারণা, হৃদ্রোগে আক্রান্ত হয়েই ওই পোলিং এজেন্টের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে।







