জেলারাজনীতি

তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্করের স্মরণসভায় বিস্ফোরক পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

গত ১৩ নভেম্বর বাঙালবুড়ির মোড়ে বাড়ির কাছেই মসজিদে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন সইফুদ্দিন। সেই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাঁধে। রবিবার বামনগাছি পঞ্চায়েতে সইফুদ্দিনের বাড়ির কাছেই মরিশ্বর স্কুলের মাঠে আয়োজন করা হয় একটি স্মরণসভার। তৃণমূল কংগ্রেসের নেতা সইফুদ্দিন লস্করের স্মরণসভায় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সেই সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একাধিক মন্তব্য করেন। সইফুদ্দিন লস্করের মৃত্যুর ঘটনায় সিপিআইএম ও বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন ‘সইফুদ্দিন থাকলে সিপিএমের মাটি থাকছিল না। সে কারণেই সরিয়ে দেওয়া হল। সিপিএম মানেই বিজেপি! বাংলায় যা খুন হচ্ছে, পিছন থেকে মদত দিচ্ছেন ওই মোটা ভাই। কারা ষড়যন্ত্র করল, আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল— তা পুলিশ খতিয়ে দেখুক’।

অন্যদিকে এই প্রসঙ্গে বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করলে তিনি বলেন ‘এ রাজ্যের পুলিশমন্ত্রী, তিনি ফিরহাদ হাকিমের দিদি হন না কি পিসি হন, আমি জানি না। তিনি তাঁর দলের লোকেদের, তৃণমূলকে নিরাপত্তা দিতে ব্যর্থ। ফিরহাদের দিদি বা পিসির পদত্যাগ করা উচিত!’ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উত্‍পল নস্কর e বিষয়ে বলেন ‘তৃণমূলের কোন্দলে রাজ্যের সর্বত্র এ ধরনের ঘটনা ঘটছে। সে সব ধামাচাপা দিতে উনি (ফিরহাদ) এখন বিজেপির উপরে দোষ চাপাচ্ছেন। আর সিপিএমের সঙ্গে কাদের যোগসাজস, তা সর্বভারতীয় স্তরে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে।’

ফিরহাদ হাকিমের এমন মন্তব্যের জবাবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন ‘সভায় হাততালি পেতে বিজেপি-সিপিএম যোগসাজসের কথা বলেছেন উনি। তদন্তের কথা বলেছেন। প্রকৃত তদন্ত হলেই আসল ঘটনা সামনে আসবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.