রাজ্যের অনেক জব কার্ড হোল্ডার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন আন্দোলন করতে। পর পর অনেকগুলি অভিযানের সাক্ষী থেকেছে রাজ্য। অভিষেক জানিয়েছিলেন, ২ মাসের মধ্যে কেন্দ্র টাকা না দিলে যাঁরা তাঁর সঙ্গে আন্দোলন করতে রাজধানীতে ছুটে এসেছেন।
তাঁদের ব্যক্তিগত ভাবে এই বকেয়া টাকা দেবেন এমনই কথা হয়েছিল। বৃহস্পতিবার কালনা মহকুমার মন্তেশ্বর ও পূর্বস্থলী এলাকায় বেশ কিছু জবকার্ড হোল্ডারদের হাতে টাকা তুলে দেন তৃনমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদের বাড়িতে গিয়ে এই টাকা তুলে দেন। তা পেয়ে খুশি জব কার্ড হোল্ডাররা।
অরবিন্দ প্রামাণিক নামের এক শ্রমিক বলেছেন, “স্থানীয় পঞ্চায়েত প্রধান ম্যাডাম এসেছিল। আমরা ১০০ দিনের কাজ করেছিলাম। সেই টাকা আদায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা দিল্লি গিয়েছিলাম। উনি টাকা আদায় করবেন বলেছিলেন। সেই টাকা পেলাম। খুব ভালো লাগছে।” এ বিষয়ে মন্তেশ্বর তৃণমূল ব্লক সভাপতি আহম্মেদ হোসেন শেখ বলেছেন, “এই গ্রামের অনেক জব কার্ড হোল্ডার দিল্লিতে গিয়েছিলেন। তাঁদের বাড়িতে গিয়ে টাকা তুলে দিলাম। আমাদের সাংসদ দিল্লিতে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন। সেই কথা রাখলেন তিনি।”
মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় থাকা ২৬ জন গরিব শ্রমিকের হাতে তাঁদের কাজের বকেয়া টাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। শুধু তাই নয়, অভিষেকের লেখা একটি করে চিঠিও তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে।







