বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে এক নতুন জুটি শানায়া কাপুর ও আদর্শ গৌরব। পরিচালক বিজয় নাম্বিয়ারের আগামী ছবি ‘তু ইয়া ম্যায়’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। এটি একটি সারভাইভাল রোমান্টিক ঘরানার ছবি, যেখানে প্রেম ও অস্তিত্বের লড়াই একসাথে মিশে যাবে রুপালি পর্দায়।
টিজারে ফুটে উঠেছে এক জটিল সম্পর্কের আভাস। দুজন মানুষ বিপদের মুখে পড়ে কীভাবে নিজেদের আবেগ, সম্পর্ক ও জীবনের প্রকৃত অর্থ আবিষ্কার করে, তারই গল্প বলবে এই ছবি। ‘শয়তান’, ‘ডেভিড’ ও ‘কারওয়া’র মতো ছবির মাধ্যমে আলাদা ঘরানার কাহিনি উপহার দেওয়া বিজয় নাম্বিয়ার এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক আবেগপ্রবণ অথচ রোমাঞ্চকর যাত্রা। ছবিটি প্রযোজনা করছেন বিজয় নাম্বিয়ার নিজে, তার সাথে যোগ দিচ্ছেন উইনস্টন গোমস ও কেভিন ভাজ। জানা গেছে, শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং ছবিটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা।
এই ছবির মাধ্যমে বলিউডে আরও এক ধাপ এগিয়ে গেলেন শানায়া কাপুর। এর আগে ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’ ছবির মাধ্যমে প্রথমবার বড়োপর্দায় পা রাখেন তিনি, যেখানে তাঁর বিপরীতে ছিলেন বিক্রান্ত ম্যাসি। সেই ছবিতে দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন বিক্রান্ত। ‘তু ইয়া ম্যায়’ ছবিতে আদর্শ গৌরব এক নতুন রোমান্টিক চরিত্রে ধরা দেবেন, যিনি ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
ট্রোলিং ও সমালোচনার মধ্যেও শানায়ার ইতিবাচক মানসিকতা নজর কেড়েছে। শরীর বা সাজপোশাক নিয়ে বিদ্রুপ সামলেও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন তিনি। তাঁর কথায়,”অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর হয়-কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন-এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দিই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে। আমি এগুলোকে ইতিবাচকভাবে নিই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।” বলিউডে এক নতুন যুগের সূচনা করতে চলেছে এই জুটি প্রেম, বাঁচার লড়াই আর আত্ম-আবিষ্কারের এক অন্যরকম গল্প নিয়ে।







