আগামী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু, অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে ভারী পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই সময়ের মধ্যে সেতুর কেবল ও বল বিয়ারিং মেরামত ও তদারকির কাজ চলবে। পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসে স্টিলের সরঞ্জাম পরিবহনের কাজও হবে সেতু ব্যবহার করে।
ভারী যান চলাচল বন্ধ থাকার কারণে বিকল্প রুটেরও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া থেকে কলকাতামুখী ভারী গাড়ি চলাচল করবে নিবেদিতা সেতু ও বিটি রোড হয়ে। অপরদিকে, ছোট যানবাহন হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে। আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল ও জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে পণ্যবাহী ট্রাকগুলিকে।
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। এছাড়াও, হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি চালানো যাবে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই রক্ষণাবেক্ষণ কাজ হবে। কর্তৃপক্ষের দাবি, জনসুরক্ষা নিশ্চিত করতেই নিয়মিত সংস্কার ও পরিদর্শন জরুরি।







