আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। মুর্শিদাবাদের কাছে বড়োসড়ো রেল দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। ইঞ্জিনে ধরে যায় আগুন। ঘটনার জেরে ওই শাখায় বন্ধ রেল চলাচল।
রেল সূত্রে খবর, কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুরের দিকে আসছিল কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। মাঝরাতে ফরাক্কার বল্লালপুরের ব্রিজের নিচে হঠাৎই রেল ট্র্যাকে একটি বালি বোঝায় ট্রাক চলে আসে। দূর থেকে ট্রাকটি নজরে আসার পর জরুরিকালীন ব্রেক কষেন। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।
সজোরে গিয়ে ধাক্কা মারে বালি বোঝাই ট্রাকটিকে। ট্রাকের বিভিন্ন অংশ রেল ট্র্যাকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এমনকি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আগুন জ্বলে ওঠে রেলের ইঞ্জিনটিতে।
রাতেই ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ এবং ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। রেল সূত্রে খবর, ফ্লাইওভার থেকে ভুল পথে নেমে গিয়েছিল ওই লরিটি। রেল ট্র্যাকের উপর দাঁড়িয়ে ছিল লরিটি। লরিটি যদি কোনো আলো জ্বালিয়ে রাখতো তাহলে লোকো পাইলট সতর্ক হতেন।
ঘটনার জেরে বহুক্ষণ রেল চলাচল বেহত ছিল। রেল চালকের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনা থেকে বাঁচলো কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। তবে কি কারণে ওই ট্রাকটি রেল ট্র্যাকে এসে দাঁড়িয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।







