কলকাতারাজ্য

মোদীর কলকাতা সফরে কড়া ট্র্যাফিক বিধিনিষেধ, শনিবার বিকেল থেকেই একাধিক রাস্তা বন্ধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে কলকাতা শহরে শনিবার বিকেল থেকে বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে পুলিশ। তারকেশ্বরের কর্মসূচি সেরে শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। রাতের বিশ্রামের পর রবিবার সকালে রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর এবং যোগ দিবসের কর্মসূচিকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে যান চলাচলে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীন এলাকাগুলিতে মালবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একইসঙ্গে রবিবার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্তও এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।

তবে জরুরি পণ্যবাহী যানকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এলপিজি, সিএনজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, অক্সিজেন, ওষুধ, দুধ, সবজি, ফল এবং মাছ বহনকারী গাড়িগুলি চলাচলের অনুমতি পাবে।

পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে কয়েকটি নির্দিষ্ট রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি রবিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের কেন্দ্রস্থলে পার্কিং ব্যবস্থার উপরও নজরদারি বাড়ানো হয়েছে।

সবচেয়ে বড় বিধিনিষেধ জারি হয়েছে বি.বি.ডি. বাগ সংলগ্ন এলাকায়। শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবাদী বাগ সাউথ সংলগ্ন রাস্তা উভয় দিক থেকেই সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময় ওই রাস্তাগুলিতে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

কলকাতা পুলিশ সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ওই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। যাত্রীদের যাত্রার আগে বিকল্প রুট সম্পর্কে জেনে নেওয়ারও অনুরোধ করা হয়েছে, যাতে যানজট ও ভোগান্তি এড়ানো যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.