ক্রাইম

পরীক্ষার মধ্যে তারস্বরে গান বন্ধ করতে বলায় হামলা! ক্যানিংয়ে কাঁচির আঘাতে জখম যুবক, অভিযুক্ত প্রতিবেশীরা পলাতক

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। পড়াশোনার পরিবেশ বজায় রাখতে বাড়ির সামনে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন এক যুবক। আর সেই প্রতিবাদই কাল হল! অভিযোগ, গান বন্ধ করতে বলায় ওই যুবককে কাঁচি দিয়ে আঘাত করে জখম করলেন তাঁরই দুই প্রতিবেশী। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ক্যানিং থানার অন্তর্গত ডাবু গড়খালি এলাকার। আহত যুবকের নাম শাহিন জামাদার। স্থানীয় সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা চলায় পড়াশোনার পরিবেশ বজায় রাখার অনুরোধ করেছিলেন শাহিন। সেই কারণে প্রতিবেশী আরফাত জামাদার ও সালমান জামাদারকে বাড়ির সামনে জোরে গান বাজাতে নিষেধ করেন তিনি।

অভিযোগ, এই বিষয়টি নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, সেই সময় আরফাত ও সালমান কাঁচি নিয়ে শাহিনের উপর হামলা চালান। কাঁচির আঘাতে তাঁর হাতে গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই প্রতিবেশীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

পরীক্ষার মরসুমে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে এমন হামলার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সামান্য প্রতিবাদ থেকে কীভাবে পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠল, তা নিয়েই এখন চর্চা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.