সোদপুরের তরুণী নির্যাতনের মামলায় এবার পুলিশের জালে মূল চক্রী শ্বেতা খান ওরফে ‘ফুলটুসি বেগম’। বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার অভিজাত অঞ্চল আলিপুরের একটি গোপন ফ্ল্যাট থেকে হাওড়া পুলিশের বিশেষ টিম তাকে গ্রেফতার করে। এর আগে একই দিন সকালে ধরা পড়ে তার ছেলে, এই মামলার অন্যতম অভিযুক্ত আরিয়ান খান।
তদন্তকারীদের দাবি, বড় প্রোডাকশন হাউসে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তরুণীদের ‘ট্র্যাপে’ ফেলত এই চক্র। রাজি না হলে চলত অকথ্য নির্যাতন। সোদপুরের তরুণীকেও এমনই ফাঁদে ফেলা হয়েছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর উপর চালানো হয় পাশবিক অত্যাচার। বর্তমানে ওই তরুণী সাগর দত্ত হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আরিয়ানের খোঁজ পাওয়া গিয়েছিল মোবাইল লোকেশন ট্র্যাক করে। তাকে গ্রেফতার করা হয় গল্ফগ্রীন থেকে, কলকাতা পুলিশের সহায়তায়। জেরায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, তার মা শ্বেতা খান শহরের মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে। আরিয়ানের সঙ্গে দফায় দফায় জেরা করেই সন্ধান মেলে আলিপুরের।
একই দিনে ধরা পড়ে ফুলটুসির মা ও আরও এক সহযোগী জোয়া। পুলিশের অনুমান, পুরো একটি সংগঠিত চক্র কাজ করত এই কাণ্ডের পেছনে। মা-ছেলেকে মুখোমুখি বসিয়ে জেরা করে গোটা র্যাকেটের পর্দাফাঁস করতে চাইছে হাওড়া পুলিশ। বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে শ্বেতা খানকে।
এই গ্রেফতারিতে আপাতত স্বস্তিতে তদন্তকারী দল। তবে পুলিশের দাবি, এই চক্রের শিকড় আরও গভীরে, এবং তদন্ত এখনও চলছে।







