গত সপ্তাহে ফারাক্কা রেল স্টেশন থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকার গাঁজা। এরপর শনিবার সামশেরগঞ্জ থানার চকসাপুর ১২ নম্বর জাতীয় সড়ক থেকে ৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। এবার মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পাশাপাশি পুলিশের হাতে গ্রেফতার হয় ২ অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই অভিযোগের নাম আদিত্য দাস ও অনুপ সূত্রধর। ধৃত আদিত্য দাস শিলিগুড়ির বাসিন্দা ও ধৃত অনু সূত্রধর আলিপুরদুয়ারের বীরপাড়ার বাসিন্দা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকাজুড়ে নাকা তল্লাশি শুরু করে। যেখানে উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিতচন্দ্র লোধ, ওসি শিবপ্রসাদ ঘোষ-সহ একাধিক পুলিশের আধিকারিক। এরপর চকসাপুর মোড় সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুল্যান্স দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে তল্লাশি করতেই সেখানে তারা পাঁচটি বস্তা উদ্ধার করে। এরপর সেই বস্তা খুলতেই পুলিশের চোখ কপালে ওঠে।
সেখান থেকেই ১৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। যায় বাজার মূল্য দাঁড়াচ্ছে ১৪ লক্ষ টাকা। পুলিশ ধৃতদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই লক্ষাদিক টাকার গাঁজা কোচবিহারের তুফানগঞ্জ থেকে নদিয়ার রানাঘাটে পাচার করার চেষ্টা করছিল। এই ঘটনার পরে আরো তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। এমনকি এই পাচারের ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।







