বিশ্বকাপ থেকে হৃদয়ে চরম হতাশা নিয়ে ফিরেছিলেন। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে উঠে এবার দারুণভাবে ঘুরে দাঁড়ালেন তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি। জেরুজালেম মাস্টার্স দাবা টুর্নামেন্টের ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে হারিয়ে তিনি এই মর্যাদাপূর্ণ খেতাবটি জিতে নিলেন।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার সুযোগ হারানোর যন্ত্রণা ছিল অর্জুনের মনে। তবে জেরুজালেমে এসে তিনি নিজের সেরাটা দিলেন। সেমিফাইনালে তিনি প্রবীণ খেলোয়াড় পিটার সভিডলারকে পরাজিত করেন। অন্যদিকে, আনন্দ সেমিফাইনালে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিদ্বন্দ্বী ইয়ান নেপোমনিয়াচিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। ফাইনালে অর্জুন এবং আনন্দ প্রথমে দুটি র্যাপিড গেম খেলেন, যা ড্র হয়। ফলে ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য খেলা গড়ায় দুটি ব্লিৎজ গেমসে। সেখানেই ২২ বছর বয়সী অর্জুন এরিগাইসি তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন।
প্রথম ব্লিৎজ গেমে জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় গেমে তিনি ড্র মেনে নেন, যা তাঁকে টুর্নামেন্টের শিরোপা এনে দেয়। ম্যাচ শেষে অর্জুন জানান, “এটা সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ছিল। আমার খেলার মান হয়তো সেরা ছিল না, কিন্তু আমি খুশি যে শেষ পর্যন্ত পেরেছি। আজ দুটি ম্যাচই (সভিডলার এবং আনন্দের বিপক্ষে) খুব কঠিন ছিল।” তিনি আরও যোগ করেন, “ব্লিৎজে, আমি মনে করি বেশ ভালো খেলেছি।”
এই জয়ের পুরস্কার হিসেবে অর্জুন এরিগাইসি ৫৫,০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ লক্ষ টাকা) পকেটস্থ করেছেন। অন্যদিকে, প্রায় অর্ধ-অবসর নেওয়া বিশ্বনাথন আনন্দ নেপোমনিয়াচিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তাঁর সেরা সময় এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ড রবিন পর্বে পিটার সভিডলারের পরই আনন্দ ও অর্জুন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন।







