এক অভিনব রায় দিল কলকাতা হাইকোর্ট। বিবাহিত মেয়েদেরও সমান অধিকার থাকবে তার বাবার বাড়িতেও। উল্লেখ্য বক্রেশ্বর তাপবিদ্যুত্ কেন্দ্র তৈরির সময় বীরভূমের বাসিন্দা রেখা পালের বাবার জমি অধিগ্রহণ করা হয়েছিল।
এরপর ২০১২ সালে সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল যেখানে বলা হয়েছিল, তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরীর সময় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে সরকারি চাকরি দেয়া হবে। নির্দেশ অনুযায়ী রেখা পাল যখন আবেদন করে তার আবেদন সরকারের পক্ষ থেকে খারিজ করে দেয়া হয়। বলা হয়েছিল রেখা পাল বিবাহিত তাই সরকারের নিয়ম অনুযায়ী সে আবেদন করতে পারবে না।
এরপর ২০১৩ সালে রাজ্যের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের মামলা করেন রেখা পাল। ২০১৪ সালে তত্কালীন বিচারপতি অশোক দাসঅধিকারীর এজলাসে রাজ্যের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। বলা হয় রেখাকে পরিবারের সদস্য হিসাবে গণ্য করতে হবে। ক্ষতিপূরণ হিসেবে জমির বদলে দিতে হবে চাকরি।
রেখা পালের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, বাবার মৃত্যুর পর থেকেই বিধবা মায়ের দেখাশোনা করেছেন রেখা। বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মেয়েরা যদি বাড়ির সদস্য হতে পারে তাহলে বিবাহিত মেয়েরা কেন বাড়ির সদস্য হতে পারবে না! এছাড়াও বিবাহিত মেয়েরা যদি পৈত্রিক সম্পত্তি পেতে পারে তাহলে বাড়ির সদস্য কেন হতে পারবে না!
এরপর এক দশক ধরে চলে সেই মামলা। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সরকার পক্ষের আর্জি খারিজ করে দিয়েছে। অবশেষে রাজ্যের আর্জি খারিজ হওয়ায় পৈতৃক পরিবারের সদস্য হওয়ার অধিকার পেলেন রেখা।







