#MeToo আন্দোলনের ঝড়ের মধ্যে মালয়ালম চলচ্চিত্র জগতের নারীদের উপর হওয়া নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সোচ্চার হলেন অভিনেত্রী থেকে রাজনীতিবিদ খুশবু সুন্দর। সম্প্রতি নিজের এক্স অ্যাকাউন্টে খুশবু লিখেছেন। এই আন্দোলন আমাদের শিল্পকে “ভেঙে দিয়েছে”। কিন্তু নারীদের আর চুপ থাকার প্রয়োজন নেই। কেরালা সরকারের নিযুক্ত বিচারপতি কে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর, খুশবু এই কমিটিকে “প্রয়োজনীয়” বলে উল্লেখ করেন এবং নির্যাতিতাদের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
খুশবু আরও বলেন, “যারা নিজেদের জায়গায় স্থির থেকেছেন এবং বিজয়ী হয়েছেন, তাঁদের সাধুবাদ জানাই। যৌন সুবিধার দাবি, মহিলাদের সঙ্গে আপস করার চাপ এবং তাদের জীবন ও ক্যারিয়ারে নানা সমস্যা তৈরি করা আমাদের শিল্পে (সিনেমায়) বিরাজমান। এই পরিস্থিতি নারীদের জন্য সবচেয়ে কঠিন করে তোলে।”
অভিনেত্রী তার নিজের জীবনের এক করুণ অধ্যায়ও শেয়ার করেন, যেখানে তিনি জানিয়েছেন যে মাত্র ৮ বছর বয়সে তিনি নিজের বাবার হাতে নিপীড়নের শিকার হন। ১৫ বছর বয়সে তিনি তার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ান, যার ফলে তার বাবা পরিবারকে ছেড়ে চলে যান। খুশবু বলেছেন, “আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন কেন এত দেরিতে কথা বললাম। আমি স্বীকার করছি, আগে কথা বলা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে, তা আমার ক্যারিয়ার গড়ার জন্য কোনো আপস ছিল না।”
এছাড়াও, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে প্রবেশের সময় এক প্রযোজকের দ্বারা হয়রানির শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে খুশবু জানান, কিভাবে তিনি তাকে তৎক্ষণাৎ প্রতিহত করেছিলেন। খুশবু বলেন, “নারীদের সেই মুহূর্তেই তাদের জন্য দাঁড়াতে হবে।”







