দেশ

‘ঝাঁপ দিয়েই বাঁচলাম’—বিমান দুর্ঘটনা থেকে জীবিত রমেশের ভয়াল অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদন: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। বৃহস্পতিবার দুপুর ১:৩৯ মিনিটে টেক-অফের কিছু মুহূর্ত পরেই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে গিয়ে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় বিমানটি। যাত্রীদের আর্তনাদ, ধোঁয়ার ঘন কুয়াশা, আর ধ্বংসস্তূপের মাঝে তখন যেন মৃত্যুরই নাচন।

এই মর্মান্তিক ঘটনার মধ্যেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। বিমানটির ইকোনমি ক্লাসের শেষ রো-তে, ১১এ সিটে বসেছিলেন দিউ-এর বাসিন্দা রমেশ বিশ্বকুমার। পুলিশের দাবি অনুযায়ী, তিনিই এই ভয়াবহ দুর্ঘটনা থেকে একমাত্র জীবিত উদ্ধার হওয়া যাত্রী।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আহমেদাবাদ পুলিশ কমিশনার জি.এস. মালিক বলেন, “আমরা ১১এ সিটে একজন যাত্রীকে জীবিত অবস্থায় পেয়েছি। তিনি নিজে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচিয়েছেন।” দুর্ঘটনার ঠিক পরপরই রমেশকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শয্যা থেকে রমেশ বলেন, “বিমানটা যখন নীচে নামছিল, আমি বুঝে যাই কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ। আমি জানি না কীভাবে, কিন্তু আমি জানলার দিক দিয়ে ঝাঁপ দিই। পড়ে গিয়ে আবার উঠে দেখি, চারিদিকে শুধু দেহ। আমার ভাই অজয়ও বিমানে ছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না…”

দুর্ঘটনার পর ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শরীরে ক্ষতচিহ্ন নিয়ে হাঁটতে হাঁটতে অ্যাম্বুলেন্সে উঠছেন রমেশ। সেই সময় তাঁকে অস্ফুট স্বরে বলতে শোনা যায়, “ভগবান বাঁচিয়েছেন…”

এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক দেহ বের করে আনা হচ্ছে। সন্ধ্যার পর থেকেই ঘটনাস্থলে বাড়ানো হয়েছে আলোকসজ্জা, উদ্ধারকারী দলগুলিকে সহায়তা করার জন্য।

রমেশের অলৌকিকভাবে বেঁচে ফেরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন তুলেছে। অনেকেই তাঁকে “আসুরিক মৃত্যুকে হারিয়ে ফেরা এক জীবন্ত আশ্চর্য” বলে আখ্যা দিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—এই ভয়াবহ দুর্ঘটনা কি শুধুই যান্ত্রিক ত্রুটি, না এর পেছনে রয়েছে আরও কিছু? তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

এমন মর্মান্তিক ঘটনার মধ্যেও রমেশের বেঁচে যাওয়ার কাহিনি যেন এক স্বপ্ন—মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এক জীবন্ত প্রমাণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.