রাজনীতি

তৃণমূলের অন্দরে নতুন সমীকরণ! জেলা কমিটিতে ‘ঋতব্রত শিবির’-এর বড় চমক, বীরভূমের দায়িত্বে অনুব্রত মণ্ডল

রাজ্য কমিটির পর এবার জেলায় জেলায় সংগঠন সাজানোর উদ্যোগ, চিফ মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরের ক্ষমতার সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার মধ্যেই এবার জেলা স্তরে সংগঠন বিস্তারের ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘ বৈঠকের পর রাজ্য কমিটির শীর্ষ পদে বিপ্লব মিত্র ও জাভেদ খানের নাম ঘোষণার পর, শনিবার প্রকাশ করা হল একাধিক জেলা সভাপতির নাম এবং মুখপাত্রদের তালিকা।

ঋতব্রত শিবিরের প্রকাশিত তালিকায় সবচেয়ে বড় চমক বীরভূমের দায়িত্বে অনুব্রত মণ্ডলের নাম। দীর্ঘদিন বীরভূমে তৃণমূলের সংগঠনের অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত ছিলেন ‘কেষ্ট’। এবার তাঁর কাঁধেই ফের দেওয়া হল জেলার সাংগঠনিক দায়িত্ব।

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক পরিচিত মুখ। পানিহাটির নেতা নির্মল ঘোষ ছাড়াও রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জোৎস্না মান্ডি, শান্তনু সেনের মতো নেতারা বৈঠকে যোগ দেন। পাশাপাশি আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় ও ডেপুটি মেয়র ওয়াসিমুল হকও উপস্থিত ছিলেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ মিঞ্জকে, জলপাইগুড়িতে মহুয়া গোপ, দার্জিলিঙে রঞ্জন সরকার, মালদহে প্রসূন বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদে অপূর্ব সরকার, কলকাতার উত্তর ও দক্ষিণ অংশে যথাক্রমে সন্দীপন সাহা ও দেবাশিস কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও হাওড়া সদর, হাওড়া গ্রামীণ, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান-সহ একাধিক জেলার জন্য নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তবে কোচবিহার, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো কয়েকটি জেলায় আপাতত কোনও নাম ঘোষণা করা হয়নি।

সংগঠন বিস্তারের পাশাপাশি সংবাদমাধ্যমে দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে মুখপাত্রের প্যানেলও। চিফ মুখপাত্র করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। তাঁর সঙ্গে থাকছেন সন্দীপন সাহা, আখরুজ্জামান, কোহিনুর মজুমদার, সুদীপ সাহা, স্নেহাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও অপূর্ব সরকার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সাংগঠনিক ঘোষণা তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। জেলা স্তরে সমান্তরাল সংগঠন তৈরির এই পদক্ষেপ আগামী দিনে রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.