বিনোদন

হ্যাকারের উদ্দেশে সৃজিতের রসিক কটাক্ষ, সম্পর্কের গুঞ্জনে সরগরম টলিপাড়া

সৃজিত মুখোপাধ্যায়ের কাজ নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও প্রায়ই খবরের শিরোনামে জায়গা করে নেয়। নায়িকাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, ট্রোলারদের কটাক্ষের জবাব কিংবা মজাদার পোস্ট সবেতেই নিজ ভঙ্গি বজায় রাখতে সিদ্ধহস্ত তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক।

রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে সৃজিত ইংরেজিতে লেখেন হরিনাভি থেকে কেউ তাঁর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছেন। কটাক্ষ মেশানো রসিকতায় বার্তা দেন,”আমি তো কাছেই থাকি, চাইলে বাড়িতে চলে এসে আমার ল্যাপটপ থেকেই লগইন করে নিন।” তাঁর এই তির্যক হাস্যরস মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনেকেই মজা পেলেও, কেউ কেউ পরামর্শ দেন পাসওয়ার্ড আরও শক্তিশালী করার। হরিনাভি ও দক্ষিণ কলকাতার লর্ডস অঞ্চলের ভৌগোলিক সান্নিধ্য নিয়েও শুরু হয় রসিকতা।

এদিকে, বর্তমানে টলিপাড়ায় সবচেয়ে বড়ো আলোচনার বিষয় সৃজিত ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক। পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়ে। সুস্মিতা নিজেই সমুদ্রের ধারে একসঙ্গে তোলা ছবি পোস্ট করে লেখেন,”স্যার আঁখো পর”। যেখানে ‘স্যার’ বলতে তিনি স্পষ্টই সৃজিতকে ইঙ্গিত করেছেন। সম্প্রতি শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্টে যুগল উপস্থিতি এবং সৃজিতের সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার ছবি শেয়ার করা এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

শুধু ব্যক্তিগত জীবন নয়, পেশাগত দিক থেকেও তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। দীর্ঘ ১৬ বছর পর মঞ্চে ফিরে এসেছেন ‘স্বপ্নসন্ধানী’ নাট্যদলের ‘মার্ক্স ইন কলকাতা’-য়। কৌশিক সেনের পরিচালনায়, জয়ন্ত কৃপালনির সঙ্গে মঞ্চে সৃজিত অভিনয় করেছেন ‘মেফিস্টোফিলিস’ অর্থাৎ শয়তান-এর ভূমিকায়। ফলে পরিচালনা, অভিনয় ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা মিলিয়ে এখন সৃজিত মুখোপাধ্যায়কে ঘিরে নেটপাড়া থেকে টলিপাড়া পর্যন্ত তুমুল আলোচনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.