বিহারের নতুন খসড়া ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। নির্বাচন কমিশনের ‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় ব্যাপক হারে নাম কেটে দেওয়ার পর প্রকাশিত নয়া খসড়া তালিকার বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ তথ্য— রাজ্যের ৪০টি লোকসভা আসনের মধ্যে অন্তত ২৪টিতে বাদ পড়া ভোটারের সংখ্যা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জয়ের ব্যবধানের চেয়ে বেশি। অর্থাৎ, এই ভোটাররা থাকলে অন্তত অর্ধেক আসনের ফলাফল ভিন্ন হতে পারত।
বেগুসরাইয়ে ভোট কাটা জয়ের ব্যবধান ছাড়াল
২০২৪-এ বেগুসরাইয়ে বিজেপি প্রার্থী গিরিরাজ সিং জিতেছিলেন ৮১,৪৮০ ভোটে। অথচ SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন ১,২৩,১৭৮ জন। ফলে মোট ভোটার সংখ্যা ২২ লক্ষ থেকে নেমে এসেছে প্রায় ২০.৭৭ লক্ষে।
শেওহরে চমকপ্রদ চিত্র
শেওহরে ২০২৪-এ জেডিইউ প্রার্থী জয়ী হন মাত্র ২৯,১৪৩ ভোটে, অথচ এবার বাদ গিয়েছেন ১,০৯,৭২৩ ভোটার। আশ্চর্যের বিষয়, ২০১৯ লোকসভা ও ২০২০ বিধানসভা ভোটের মধ্যে এখানে প্রায় ৭০ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছিল। একই ছবি পূর্বী চম্পারণ, আরারিয়া ও সীতামঢ়িতেও মিলেছে।
কারা বাদ পড়লেন?
নির্বাচনী বিশেষজ্ঞদের মতে, বাদ পড়া ভোটারদের মধ্যে থাকতে পারেন—
১. মৃত, ঠিকানা পরিবর্তন করা বা অন্যত্র নাম থাকা ‘নিষ্ক্রিয়’ ভোটার
২. ভুয়ো ভোটার, যাঁরা পূর্বে ফলাফল প্রভাবিত করেছিলেন
৩. প্রকৃত ভোটার, যাদের ভুলবশত বাদ দেওয়া হয়েছে
৪. অথবা এই তিন শ্রেণির মিশ্রণ
এডিআর (Association for Democratic Reforms) দাবি করেছে, বুথভিত্তিক ভোটার তালিকা ও ফর্ম ১৭এ মিলিয়ে দেখা হোক, বাদ পড়া ব্যক্তিরা পূর্বে ভোট দিয়েছিলেন কিনা। সংস্থার প্রতিষ্ঠাতা জগদীপ ছোকারের মতে, কমিশনের দায়িত্ব, স্পষ্টভাবে জানানো কারা বাদ পড়েছেন এবং কেন। তবে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত মনে করিয়ে দিয়েছেন, খসড়া তালিকায় নাম কাটা মানেই অনিয়ম নয়— এখনও সংশোধনের সুযোগ রয়েছে।
কমিশনের অবস্থান
নির্বাচন কমিশন জানিয়েছে, মৃত, ঠিকানা বদলানো, অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটারদেরই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে আসনভিত্তিক বিস্তারিত সংখ্যা প্রকাশ করা হয়নি এবং আইনি বাধ্যবাধকতা না থাকায় বাদ পড়া ভোটারদের তালিকাও জনসমক্ষে আনা হবে না।
এই পরিস্থিতিতে ভোটার তালিকা সংশোধন ঘিরে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন ক্রমেই তীব্র হচ্ছে বিহারের রাজনৈতিক মহলে।







