দেশ

দীপাবলির আগে জিএসটি কাঠামোয় বড়সড় বদলের আভাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছেন, আসন্ন দীপাবলির আগেই পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এ বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এখনও পর্যন্ত পাঁচটি স্তরে জিএসটি আদায় হয় ০%, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। কিন্তু নতুন কাঠামোয় সবকিছু সরল করে রাখা হতে পারে মূলত দু’টি স্তরে ৫% এবং ১৮%।

তবে ‘ক্ষতিকর ও বিলাসবহুল’ শ্রেণির জন্য আলাদা বিশেষ কর ধার্য হতে পারে, যার হার ৪০% পর্যন্ত যেতে পারে। এই তালিকায় থাকতে পারে সিগারেট, পানমশলা, বিলাসবহুল গাড়ি, এসইউভি এবং অনলাইন গেমিং। বর্তমানে অনলাইন গেমিংয়ে ২৮% কর প্রযোজ্য হলেও তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সরকারের যুক্তি, এতে রাজস্ব বৃদ্ধি পাবে এবং অনিয়ম ঠেকাতে কড়া নজরদারিও চালু করা হবে।

কোন জিনিসে দাম কমতে পারে?

ঘি, মাখন, ফলের রস, প্যাকেটজাত খাবার: ১২% থেকে নেমে ৫%, এক হাজার টাকার নীচের পোশাক ও জুতো: ৫% জিএসটি, ছোট গাড়ি ও দুই চাকা (২৫০ সিসি পর্যন্ত): ২৮% থেকে নেমে ১৮%, সিমেন্ট, এসি, টিভি (৩২ ইঞ্চি পর্যন্ত), ডিশওয়াশার: ১৮% স্তরে নামতে পারে,স্বাস্থ্য ও জীবন বিমা: ১৮% থেকে ৫% বা কোনও ক্ষেত্রে শূন্য।

সূত্র বলছে, যেসব জিনিসে বর্তমানে ১২% কর বসে, তার প্রায় সবই ৫%-এ নেমে আসবে। আর ২৮% করের আওতায় থাকা ৯০% পণ্য নামবে ১৮% এ। ফলে অনেক দ্রব্যের দাম কমবে, একই সঙ্গে কর কাঠামো হবে আরও সহজবোধ্য।

মোদী লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে বলেছেন, “এই দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দেব। নতুন জিএসটি সংস্কার মানুষের করের চাপ কমাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.