কলকাতা: টলিউড এবং বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবার সম্পূর্ণ নতুন পথে পা বাড়ালেন। ‘গুড্ডি’ সিরিয়ালের অনুজ হোক কিংবা বর্তমানে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ এর অনিকেত, রণজয় দর্শকদের মনে দাগ কেটেছেন তার অভিনয় দিয়ে। কিন্তু এবার অভিনয়ের বাইরে নতুন পেশার দিকে ঝুঁকেছেন তিনি।
রণজয়ের নতুন পেশা হল লেখালেখি। অভিনয় পেশা হলেও লেখালেখি তার দীর্ঘদিনের প্যাশন। লেখালেখির প্রতি ভালোবাসা থাকলেও এবার তিনি লেখাকে আরও গুরুত্ব দিতে চান।
তিনি তথাকথিত লেখক নন। নিজের মনে যা আসে তাই লেখেন। তার লেখায় পাঠকরা নিজেদের মিল খুঁজে পান। রণজয় বলেন, “আমি তো লেখক নই। আমার কিছু মাথায় এলে, সেটা আমি লিখে ফেলি। মনে যা চলে, তা-ই লিখি। বহু মানুষ সে সব শুনে বলেছেন, আমার লেখায় তাঁরাও নিজেদের সঙ্গে মিল পাচ্ছেন। কিন্তু নিজের লেখাকে আমি ‘ভুলভাল’ লেখা বলি।”
সম্প্রতি রণজয় তার সহ অভিনেতা নীল চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলে নতুন এক উদ্যোগ শুরু করেছেন। তারা রণজয়ের লেখা কবিতা গান করে শোনান ইনস্টাগ্রামে। “জীবনের লেখা… জীবনের গান” শিরোনামে এই উদ্যোগ দর্শকদের মন জয় করেছে।
রণজয় বলেন, “বহু দিনের ইচ্ছে ছিল এক জন ভাল সঙ্গী পাব। কাল আমি কবিতা পাঠ করছিলাম আর নীল তাতে সুর দিয়ে গান গাওয়া শুরু করে। খুব ভাল লাগল বিষয়টা। ঠিক করেছি কোথাও এমন একটা অনুষ্ঠানও করব।”
বিগত ৬ থেকে ৭ বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত রণজয়। জীবন তাকে যেভাবে শিক্ষা দেয় তিনি সেটা নিয়েই লেখেন। মহাদেব সাহা, হুমায়ুন আহমেদ, ভাস্কর চক্রবর্তী, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকের লেখা তার পড়তে ভাল লাগে।
রণজয় স্পষ্ট করে জানিয়েছেন লেখাটা তার পেশা নয়। তার মনের বহিঃপ্রকাশ ঘটে লেখার মাধ্যমে। অভিনয় ছেড়ে দেবেন কিনা তা স্পষ্ট করে বলেননি তিনি।
তবে নতুন পথে পা বাড়ানো রণজয়ের জন্য শুভকামনা জানাতে ভুলবেন না।







