মধ্যরাত্রে নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধের দোকান ভেঙ্গে ঢুকে পড়ল একটি ষোলো চাকার ডাম্পার। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডে দরবেশ মোড়ে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, বিকট শব্দে ঘুম ভাঙে তাদের। বাইরে বেরিয়ে দেখে এক বিশালাকার লরি ওষুধের দোকানে দেওয়াল ভেঙে ঢুকে গেছে। একটু এগিয়ে যেতে পুরো ঘটনা পরিষ্কার। ডাম্পারটি প্রথমে ১১ হাজার ভোল্টের দুটি পোল উপড়ে দেয়। তারপর রাস্তার পাশে থাকা আম গাছে ধাক্কা মেরে ওষুধের দোকানে দেয়াল ভেঙে ঢুকে পড়ে।
প্রাথমিক অনুমান, ১৮ চাকার ডাম্পারটি পাথর বোঝাই দ্রুত গতিতে দুবরাজপুর দিক থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ইলেক্ট্রিক খুঁটিতে, তারপর আম গাছ এবং দোকানের দেওয়াল ভেঙ্গে ঢুকে পড়ে।







