ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ বা রেলের বিভিন্ন নিয়ম ভাঙার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। রেলওয়ে আইন, ১৯৮৯-এর একাধিক ধারায় সংশোধন এনে জরিমানার অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে নিয়মভঙ্গকারী যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হবে। নির্ধারিত জরিমানা না দিলে তবেই বিষয়টি আদালতে গড়াবে।
রেলের সংশোধিত নিয়মে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টিকিটবিহীন যাত্রার ক্ষেত্রে। রেলওয়ে আইনের ১৩৭ ধারায় এতদিন টিকিট ছাড়া ভ্রমণের জন্য ন্যূনতম জরিমানা ছিল ২৫০ টাকা। নতুন নিয়মে তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। তবে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় শাস্তির বিধান অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি যাত্রীকে ভাড়া ও অতিরিক্ত চার্জও দিতে হবে।
একইভাবে ১৩৮ ধারাতেও জরিমানার অঙ্ক বাড়ানো হয়েছে। বৈধ টিকিট থাকা সত্ত্বেও নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি পথ ভ্রমণ করলে আগে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হত। এখন সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫০০ টাকা। অতিরিক্ত ভাড়া ও চার্জ আগের মতোই বহাল থাকবে।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে বিপজ্জনক বা নিষিদ্ধ সামগ্রী বহনের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে কমপক্ষে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডও হতে পারে। অন্য কারও নামে ইস্যু করা টিকিট ব্যবহার করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং যাত্রীর কাছ থেকে ভাড়ার পাশাপাশি ন্যূনতম ৫০০ টাকা জরিমানা আদায় করা হবে।
এছাড়াও স্টেশন চত্বরে অনুমতি ছাড়া পণ্য বিক্রি, ফেরি করা বা ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা করা হবে। রেল এলাকায় অনধিকার প্রবেশ করলে ৫০০ টাকা এবং রেলের সম্পত্তিতে বেআইনি প্রবেশের ক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও কারাদণ্ড হতে পারে। মহিলাদের জন্য সংরক্ষিত কোচ বা কেবিনে অনুমতি ছাড়া প্রবেশ করলে পুরুষ যাত্রীদের ২,৫০০ টাকা জরিমানা গুনতে হবে। ফলে যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রেল এবার অনেক বেশি কঠোর অবস্থান নিচ্ছে।







