মুম্বই, ১৫ ডিসেম্বর ২০২৩: বিনোদন দুনিয়ার জন্য খুবই চিন্তার খবর। ৪৭ বছর বয়সী অভিনেতা শ্রেয়স তলপড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার শ্যুটিং শেষ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে অসাড় হয়ে পড়েন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রেয়স তলপড়ে একেবারেই সুস্থ ছিলেন এবং গোটা দিন শ্যুটিংও সারেন। তিনি আপাতত মাল্টি-স্টারার ছবি, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শ্যুটিং সারছিলেন। গোটা দিন শ্যুটিং করেছেন, সুস্থভাবেই।
সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, “গোটা দিন তিনি শ্যুটিং করেছেন, সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং অভ্যাস মতোই সেটের সকলের সঙ্গে ইয়ার্কি ঠাট্টাও করছিলেন। এমনকী অ্যাকশন রয়েছে এমনও কিছু দৃশ্যের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং শেষ করার পর বাড়ি ফিরে যান এবং স্ত্রীকে জানান যে শরীরে অস্বস্তি হচ্ছে। তাঁর স্ত্রীই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু যাওয়ার পথেই তিনি অসাড় হয়ে যান।” হাসপাতালের তরফে এই খবর নিশ্চিত করে বলা হয়েছে, “শ্রেয়স তলপড়েকে ভর্তি করা হয়েছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে।” তাঁর এখন শরীরের কী অবস্থা তা জানানো হয়নি।
শ্রেয়স তলপড়ে বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা। সমালোচকদের দ্বারা প্রশংসিত ও বক্স অফিসে সফল ছবিতে কাজ করেছেন তিনি। কর্মজীবনে একাধিক হিন্দি ও মরাঠি ছবি করেছেন অভিনেতা। প্রায় ২ দশক ধরে তিনি অভিনয়ের সঙ্গে জড়িত। প্রায় ৪৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন শ্রেয়স। শ্রেয়স তলপড়েকে কঙ্গনা রানাউত অভিনীত ও পরিচালিত ‘এমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। আপাতত তিনি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর আগামী ছবির কাজ করছিলেন। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অক্ষয় কুমার, রবীন ট্যান্ডন, দিশা পাটনি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কপূর, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, কৃষ্ণা অভিষেক, রাহুল দেব, দলের মেহন্দি ও মিকা সিংহকে দেখতে পাওয়া যাবে।
শ্রেয়স তলপড়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।







