শীতকাল পড়লেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। সব জায়গায় শুরু জোর প্রস্তুতি। কোথাও বিয়ের কার্ড তৈরির,কোথাও আবার ক্যাটারারদের, কোথাও আবার জামাকাপড়। এমনকি সোশ্যাল মিডিয়া জুড়ে এখন বিয়ের প্রি-ওয়েডিং ফটোশুটের ছবির ভর্তি ভর্তি ফিড। তবে ক্রমেই আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ট্রাডিশন।
ডিজিটালাইজেশনের যুগে কার্ডের নিমন্ত্রণ পত্র এখন বদলে গিয়েছে ই- ইনভাইটেশন পত্রে। বড় শহরের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার ছোঁয়ায় আধুনিক হয়ে উঠছে জেলাগুলিও। সেইরকমই জলপাইগুড়ির বহু প্রিন্টিং প্রেস গুলি আজ ধুঁকছে বাণিজ্যের অভাবে। ডিজিটালের চাপে চাপা পড়ে সেগুলি আজ মৃতপ্রায়।
ডিজিটাল যুগে বাস করে এখন সব কিছুই যেন ডিজিটাল হয়ে উঠেছে। প্রি-ওয়েডিং ফটোগ্রাফি, মেহেন্দি সন্ধ্যা, পোস্টম্যারেজ ফটোশুট, ব্যাচেলর পার্টিসহ আরও কত-কী যে নতুন সংযোজন তার ঠিক নেই। প্রফেশনাল ক্যামেরাম্যান ছাড়া ফটোশুট করা যাবে না। শহরের বিখ্যাত কারও কাছে না সাজলে আবার চেহারায় মুশকিল। পার্লারের নিষেধাজ্ঞায় হলদির অনুষ্ঠানে বর অথবা কনের কপালে হলুদ ছোঁয়ানো মানা। তবে এসবের মধ্যে এক শ্রেণী খুশি হলেও এক শ্রেণীর মাথায় পড়েছে হাত। আত্মীয়-স্বজন পাড়াপড়শিদের নেমতন্ন করার ক্ষেত্রে এখন আর সেকেলে প্রিন্টেড কার্ড নয়, সেগুলো নাকি বড্ড বেমানান। এখন তো ই-ইনভিটেশন যুগ। সময় কম লাগে। একবার মুঠোফোনের স্ক্রিন টাচ করলেই নেমন্তন্ন করা শেষ। দূর দূরান্তের আত্মীয়-স্বজনদের নেমন্তন্ন করা এখন মাত্র কয়েক সেকেন্ডের কাজ।
এই ই-ইনভিটেশন একদিকে যেমন বেশ সুবিধার অন্যদিকে প্রিন্টিং এর সঙ্গে যুক্ত বহু মানুষ কর্মহীন হয়ে পড়ছে। সেই কারণেই বহু প্রেসও এখন বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তেমনভাবেই অর্ডারই করছে না বিয়ের বাড়ির কতৃপক্ষ। বর্তমানে নতুনত্ব বহু কার্ড উঠেছে বিয়ের বাজারে। তবে সেই কার্ডে যে পরিমাণ অর্থ ব্যবহার হচ্ছে সেই টাকা উঠে আসছে না বলেই জানাচ্ছেন প্রেস মালিকেরা। জলপাইগুড়ি শহরে এককালীন বহু প্রেস ছিল যারা এই বিয়ের কার্ড তৈরিতে ব্যস্ত হয়ে পড়তো বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানের সময়। কিন্তু সময়ের সঙ্গে বহু প্রেস বন্ধ হয়ে গিয়েছে আর বেশির ভাগ প্রেসেরই কর্মী ছাঁটাই করে কোনও রকম ভাবে টিকে রয়েছে সেগুলি।







