সোশ্যাল মিডিয়া খ্যাত বং গাই কে চেনে না এমন মানুষ মেলা ভার। বং গাই নামে পরিচিত কিরণ দত্তের জেন জি থেকে জেন আলফা সব ধরনের ফ্যান রয়েছে। কিরণের হাস্যকৌতুকে ভরপুর ভিডিও দেখে অনেকেই নিজেদের বিষন্ন মন ভালো করেন। এবার ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে মুখ খুললেন কিরণ দত্ত।
কিরণ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে বলেন,”কিছু কথা বলা গুরুত্বপূর্ণ মনে হলো। গত দু’ দিন ধরে প্রচুর ফেক নিউজ ঘোরাফেরা করছে। তাই ঠিক খবর জানতে ভারত সরকারের অফিশিয়াল পেজ, ভারতীয় সেনাবাহিনীর অফিশিয়াল পেজ ফলো করুন। কোনও খবর ছড়ানোর আগে ভালো করে যাচাই করে নেবেন। সংবাদমাধ্যমের একাংশ অনেক সময়ে ভুল খবর করে ফেলছে।”
কিরণ আরও বলেন,”সাইবার অ্যাটাকের চেষ্টা হতে পারে। তাই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সাবধান হয়ে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড অফ করে রাখবেন। কোনও অচেনা ফোন নম্বর থেকে টেক্সট এলে, পিডিএফ এলে বা অন্য কোনও ফাইল এলে সেগুলো খুলবেন না। আর যে কোনও ফোনের সেটিংসয়ে গিয়ে সরকারের তরফে নোটিফিকেশন যাতে পান, সেটার ব্যবস্থা করে রাখুন। অনেক সময়ে এমন নোটিফিকেশন অফ করা থাকে। সেটা অন করে দিতে হবে। এর পাশাপাশি বলব, ভরসা রাখুন দেশের উপর, সেনাবাহিনীর উপর। অযথা ভয় পাবেন না। আর ভুল খবর ছড়াবেন না।”
কিরণের ভিডিওতে সাধারণ মানুষ কমেন্ট করে লিখেছেন,”সাইবার অ্যাটাকের বিষয়টা অনেক সময়ে মাথা থেকে বেরিয়ে যায়। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ চললে, তখন এটা আক্রমণের একটা পথ। কিরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।” প্রসঙ্গত কিরণের বাবা বিএসএফ-এর অফিসার ছিলেন। তাই ছোটো থেকেই কিরণ দেশের প্রতি অনেক বেশি সতর্ক এবং আবেগাপ্লুত।







