মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডারের টাকা দিব্যি পাচ্ছিলেন দাসপুর ২নং ব্লকের খেপুত গ্রামপঞ্চায়েতের দক্ষিনবাড় গ্রামের পূর্নিমা বারিক। হঠাৎ করেই ঢোকা বন্ধ হয়ে যায় লক্ষীর ভান্ডারের টাকা। প্রথম কারন বুঝতে না পারলেও সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ খবর নিয়ে জানতে পারে, তিনি সরকারী খাতায় বর্তমানে মৃত। তাই গত জুন মাস থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে লক্ষীর ভান্ডারের টাকা। পূর্নিমা দেবী জানায় “লক্ষীর ভান্ডারের টাকায় মেয়ের টিউশান খরচ চলতো। এখন না পাওয়ায় খুব সমস্যায় পড়েছি”। এখন নিজেকে জীবিত প্রমান করার আবেদন নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন অফিস।
এই বিষয়ে দাসপুর ২নং ব্লকের বিডিও প্রবীর কুমার শীট জানান, বিষয়টি শুনেছি, ওই মহিলার সাথে কথাও বলেছি, কিছু একটা টেকনিক্যাল সমস্যার কারনে এমনটা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। খুব দ্রুত উনার লক্ষীর ভান্ডার চালু হয়ে যাবে।







