ভারতের ফুটবল আবারও প্রশাসনিক অস্থিরতার জালে আটকে পড়েছে। তিন বছরের মধ্যে দ্বিতীয় বার ফিফার নির্বাসনের মুখে দাঁড়িয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। মঙ্গলবার রাতে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) যৌথ চিঠি পৌঁছেছে সভাপতি কল্যাণ চৌবের হাতে। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। নইলে আবারও নির্বাসন ভোগ করতে হতে পারে ভারতীয় ফুটবলকে।
ফিফার মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে নতুন সংবিধান কার্যকর না হওয়ায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। ২০১৭ সালে সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকেই এই জট তৈরি। বারবার নির্দেশ ও আলোচনার পরও ফেডারেশন কোনও স্বচ্ছ ও স্থায়ী কাঠামো গড়ে তুলতে পারেনি। ফিফার মতে, এর ফলে ফুটবলের ভিতরে “অসহনীয় শূন্যতা ও আইনি অনিশ্চয়তা” তৈরি হয়েছে। এমনকি সরকার বা অন্য কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপও আন্তর্জাতিক সংস্থাটি বরদাস্ত করবে না।
উল্লেখ্য, ২০২২ সালে একই কারণে নির্বাসিত হয়েছিল ভারত। সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকরা তখন ফেডারেশন চালাচ্ছিলেন, যা ফিফা সরাসরি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বলে মান্য করেছিল। যদিও ১৫ দিন পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় এবং পরবর্তী নির্বাচনে সভাপতি হন কল্যাণ চৌবে। কিন্তু সংবিধান সংশোধনের প্রক্রিয়া কার্যত থমকে থাকার কারণে ফের আন্তর্জাতিক শাস্তির হুমকি দেখা দিয়েছে।
এখন নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে। কল্যাণ চৌবে ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং আদালতকে ফিফার চিঠি পাঠিয়েছেন। আদালত যদি দ্রুত নির্দেশ না দেয়, তবে অক্টোবরে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ করা কঠিন হয়ে পড়বে। সে ক্ষেত্রে আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হওয়ার শঙ্কায় পড়বে ভারত। এতে দেশের ফুটবল উন্নয়ন, ক্লাব প্রতিযোগিতা এবং বয়সভিত্তিক দলের ভবিষ্যৎ বড় ধাক্কা খেতে পারে।







