আলোর উৎসবে মেতে উঠেছে তিলোত্তমা। চারদিকে সাজসাজ রব, পুজোর প্রস্তুতিতে ব্যস্ত শহরবাসী। তবে উৎসবের আনন্দে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। কালীপুজোর দিন কলকাতার আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সারাদিন শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে। ঝড়বৃষ্টি নিয়ে আপাতত কোনও সতর্কতা নেই।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। অর্থাৎ দিনের বেলায় রোদের দেখা মিললেও রাতের দিকে আবহাওয়া কিছুটা মনোরম থাকবে। কালীপুজোর আনন্দে বৃষ্টির কারণে বড়সড় কোনও বিঘ্নের আশঙ্কা আপাতত নেই।
তবে উৎসবের পরের কয়েকদিন আবহাওয়ায় সামান্য বদল আসতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। যদিও ভারী বৃষ্টি বা ঝড়ের কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। সপ্তাহের বাকি দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি রোদের দেখা মিলতে পারে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আপাতত দু’দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। এরপরের দু’দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সব মিলিয়ে কালীপুজোর দিন বৃষ্টির আশঙ্কা না থাকলেও সপ্তাহের মাঝামাঝি আকাশের মুখ কিছুটা ভার হতে পারে।







