আবহাওয়া

ব্রিগেডের শপথে বৃষ্টি বাধা? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়ের সতর্কতা

রাজ্যে নতুন সরকার গঠনের আবহে শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হতে চলেছে বিজেপির নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। তবে এই মেগা আয়োজনের মাঝেই চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরেই কলকাতার আবহাওয়া ছিল খামখেয়ালি। কখনও রোদ, কখনও মেঘলা আকাশ, আবার কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত কলকাতায় প্রায় ১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। শনিবারও শহরের আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস। দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রাও অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের নীচে নেমে ২৩.৬ ডিগ্রিতে পৌঁছেছে।

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড হয়ে বিস্তৃত অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। আর তার জেরেই দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ঝড়ের দাপট বেশি হতে পারে বলে পূর্বাভাস। ওই সব জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গেও আবহাওয়ার একই ছবি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.