রঙের উৎসবের সকালেই স্পষ্ট ইঙ্গিত—বৃষ্টি নয়, গরমই সঙ্গী হতে চলেছে রাজ্যবাসীর। দোলের দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই বাড়ছে তাপমাত্রার পারদ। আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজও অনুভূত হচ্ছে সকাল থেকেই।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গে আজ সারাদিন মূলত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আগামী কয়েক দিনেও আবহাওয়ার তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২১ ডিগ্রি। গত কয়েক দিনে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আগামী দিনে তা আরও বাড়তে পারে। ফলে শীতের আমেজ এখন কার্যত অতীত।
জেলার কিছু অংশে সকালে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। ফলে রঙ খেলায় কোনও বাধা পড়ার আশঙ্কা নেই।
উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় পরিবর্তন না হলেও তার পর থেকেই পারদ চড়তে শুরু করবে। সেখানে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে।







