আবহাওয়া

নিম্নচাপের জেরে ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা; মুম্বইয়ে বৃষ্টির তাণ্ডব অব্যাহত

নিম্নচাপের প্রভাবে সপ্তাহের শুরু থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এর জেরে বেশ কয়েকটি জায়গায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং অফিসযাত্রীদের ভোগান্তিও বাড়ে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা পেরিয়ে নিম্নচাপটি মধ্য ভারতের দিকে এগিয়ে গেলেও তার প্রভাবে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ার আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও বৃষ্টি কমলে বাড়তে পারে অস্বস্তিকর গরম। সপ্তাহের শেষের দিকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে ভূমিধস এবং জল জমার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি মহারাষ্ট্রও প্রবল বর্ষণের কবলে। মুম্বইয়ে টানা বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গাছ ভেঙে পড়া, রাস্তা ডুবে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জনজীবন বিপর্যস্ত। বিভিন্ন দুর্ঘটনায় একাধিক প্রাণহানির খবর মিলেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজ চালিয়ে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.