আবহাওয়া

পুজোয় বৃষ্টির থাবা! ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বর্ষণের পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোয় ভাঁজ ফেলতে চলেছে বর্ষা। চতুর্থীর রাতেই ঝমঝমিয়ে নামল বৃষ্টি, আর সেই বৃষ্টি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে পুজোর আমেজকে। আবহাওয়া দফতর জানাচ্ছে—এখনই শেষ নয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এমনকি দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে চলবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার। শনিবার সকালেই তা দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জারি করেছে হলুদ সতর্কতা। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। উপকূল এলাকায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই কারণে মৎসজীবীদের ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা।

পুজোয় ভিড় জমাতে গিয়ে ছাতা-বর্ষাতি হবে দর্শনার্থীদের একমাত্র ভরসা। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা মাথায় রেখেই এবার প্যান্ডেল হপিংয়ের প্রস্তুতি নিতে বলছে আবহাওয়া দফতর।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ১ অক্টোবর ফের নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। ফলে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু, গোটা পুজো কাটবে কার্যত বর্ষার দাপটের মধ্যেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.