সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গিয়েছিল লোকসভায়। অধিবেশন শুরু হতে না হতেই সংসদে তুমুল হট্টগোল শুরু হলে স্পিকার ওম বিরলা বিরোধী সাংসদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করে ফের একবার ৪৯ জনকে সাংসদকে সাসপেন্ড করেছিলেন। চলতি মাসে শীতকালীন অধিবেশনে এই নিয়ে প্রায় ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হয়েছিল। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা।
সংসদে স্মোক-বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এমনকি, সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী সাংসদরা। তাঁদের দাবি ছিল, সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিক এবং সংসদে এই নিয়ে আলোচনা করা হোক।
আর আজ কার্যত বিরোধী শূন্য লোকসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ন্যায় সংহিতা বিল নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, “২০০ বছরের পুরনো আইন বদলে নতুন আইন আনা হচ্ছে। প্রথমবার জঙ্গি দমনে কঠোরতম আইন প্রণয়ন করা হচ্ছে। রাজদ্রোহের বদলে দেশদ্রোহ আইনে পরিবর্তন আনা হচ্ছে। আমরা ব্যক্তির জায়গায় দেশকে নিয়ে যাচ্ছি। দাসত্বের চিহ্ন মিটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।”







