নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আজ বুধবার বিরোধীদের মামলার শুনানি ছিল হাই কোর্টে। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তার থেকে কম কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা চলবে না। এর পাশাপাশি হাই কোর্ট আরও নির্দেশ দিয়েছে,২৪ ঘণ্টার মধ্যেই ওই বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আর্জি করতে হবে বলেও রাজ্য নির্বাচন কমিশনকে।
উল্লেখ্য পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে হাই কোর্টের নির্দেশ পালন করা হয়নি এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধীরা। কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরি ওরফে ডালু এবং বিজেপির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই মামলা করেন। যার শুনানির জন্য মামলা ওঠে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে।
প্রসঙ্গত গত ১৫ জুন কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই পঞ্চায়েত ভোট করাতে হবে। শুধু তা-ই নয়, ওই নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতেও হবে রাজ্য নির্বাচন কমিশনকে। যদিও এতে বিরোধীদের অভিযোগ দায়ের করেছিল,হাই কোর্টের ওই নির্দেশ সত্ত্বেও বাহিনী আনার জন্য অনুরোধ করে কমিশনের তরফে যোগাযোগ করা হয়নি কেন্দ্রকে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বুধবার প্রধান বিচারপতি শিবজ্ঞানম জানান , “এ বারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্যও অন্তত ৮২ হাজার বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।’’কমিশন ২২টি জেলার জন্য যে ২২ কোম্পানি অর্থাৎ ২০০০-এর কিছু কম আধা সেনা মোতায়েনের কথা বলেছে, তা করলে চলবে না। আর এই বাহিনীর জন্য কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে কেন্দ্রকে। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার ।







