এবার পুজো উদ্বোধন করতে গিয়েও সিপিএমকে আক্রমণে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সন্ধ্যায় বোসপুকুরে একটি পুজোর উদ্বোধনে গিয়ে একাধিক বিষয়ে রাজ্যের প্রাক্তন শাসকদল সিপিএমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এমনকি সিপিএমের আইনজীবী সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নাম করে আক্রমণ করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বদলা নয় বলেই আমরা ওদের জেনেশুনেও একটার গায়েও হাত দিই নি। ফাইলের পর ফাইল উধাও, আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোমাদের লোকেরা তো এখনও বসে আছে। বিকাশ বাবুকে বলুন আপনি কেস করার আগে জন্ম শংসাপত্রের বিষয়গুল বলুন, সেই কাগজগুলো কোথায়? ভাবছেন আমাদের কাছে নেই, আছে আছে! সারদা কাদের আমলে হয়েছে। চোরের মায়ের বড় গলা”
মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “একই বস্তাপচা মিথ্যা কথা উনি বলে যাচ্ছেন রোজ। মুখ্যমন্ত্রীর কাছে সবিনয় নিবেদন, দয়া করে তুই তোকারিটা বন্ধ করুন। বামফ্রন্টের বিরুদ্ধে আপনার কাছে যা প্রমাণ আছে জনসমক্ষে পেশ করুন, ঢাক বাজিয়ে দিন। অনেক তো কমিশন করেছেন, সেগুলির রিপোর্ট কোথায়? এর আগে বিধানসভাতেও বারবার বলেছি কিন্তু উনি রিপোর্ট পেশ করতে পারেন নি।” এর আগেও তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চেও বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী।







