একই মঞ্চে পাশাপাশি বসে মালদহের দুই সাংসদ৷ বিজেপির খগেন মুর্মু ও কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। দুজনের মাঝখানে রয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী৷ দেবীপক্ষের দ্বিতীয়ায় এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল রথবাড়ি এলাকার জনগণ৷ উপলক্ষ ছিল রেলের আন্ডার সাবওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন৷
দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে খুলে গেল পূর্বরেলের মালদহ ডিভিশনের রথবাড়ি আন্ডার সাবওয়ে৷ রেলের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও রেলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলার শাসক ও বিরোধী দলের পদাধিকারীরা৷ একই অনুষ্ঠানে শাসক ও বিরোধী নেতারা আমন্ত্রিত জেনে জোর জল্পনা ছড়িয়েছিল গোটা জেলাজুড়ে৷ কিন্তু যাবতীয় জল্পনাকে ফুৎকারে উড়িয়ে সবপক্ষই কিন্তু হাজির ছিলেন রেলের অনুষ্ঠানে৷ যেন উৎসবের আবহই মিলিয়ে দিয়েছে যুযুধান সব পক্ষকে৷
কমবেশি দশ বছর পর বাস্তবায়িত হয়েছে রেলের মাথবাড়ি ডিভিশনের রথবাড়ি আন্ডারপাস৷ তাই জেলার দুই সাংসদ ও পুরসভার চেয়ারম্যানের মতোই উচ্ছ্বাস ধরা পড়েছে এলাকাবাসী চোখে মুখে৷ জেলার উন্নয়নে রাজনীতি ভুলে সবাই একসঙ্গে রয়েছেন বলে দাবি করেছেন বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী৷







