গোটা দেশে নতুন করে বাড়তে চলছে করোনা রোগীর সংখ্যা। করোনার বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রীয় সরকার উদ্বেগ প্রকাশ করে। বিশেষজ্ঞরাও উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতির দিকে নজর রাখছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪২৩ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে মৃত্য়ু হয়েছে চার জনের।
করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৩৩ হাজার ৩৩২। কেন্দ্রের স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী, দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৪২০। করোনা ভাইরাসের নতুন উপরূপ জে এন.১ আক্রান্তের হদিশ মিলল দেশে। রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। করোনা সংক্রমণের এই সাম্প্রতিক বৃদ্ধির নেপথ্যে করোনা ভাইরাসের নতুন উপরূপ জেএন১-কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। কেরালাতেই বেশি ছড়িয়েছে সংক্রমণ। নয়া দিল্লি, গোয়া, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্রে, পুদুচেরি, পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা করোনার চোখরাঙানি। শুধুমাত্র কেরালাতেই সক্রিয় রোগীর সংখ্যা পেরিয়েছে দুই হাজারের গণ্ডি।
জেএন ১-এর উপসর্গ কী?
WHO জানিয়েছে জেএন১-এর উপসর্গ মৃদু থেকে মাঝারি হতে পারে। আক্রান্তদের জ্বর, সর্দিকাসি, গলার সংক্রমণ ও মাথার যন্ত্রণা হতে পারে। অনেক রোগীর ক্ষেত্রে আবার শ্বাসকষ্টও দেখা দিচ্ছে। তবে চার, পাঁচ দিনের মধ্যে সেটা সেরেও যাচ্ছে। এছাড়া তীব্র ক্লান্তি, অখিদে, গা বমি ভাব আক্রান্তদের লক্ষ্ণ। এছাড়াও পেশির জয়েন্টে দুর্বলতা আসতে পারে। ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হলে বদহজন এবং পেটের গণ্ডগোলও দেখা দিচ্ছে, তবে এই সংখ্যা কম। বয়স্ক ব্যাক্তিরা, যাঁরা দীর্ঘ সময় ধরে কোনও গুরুতর রোগে ভুগছেন বা কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সাবধানে থাকতে বলছেন চিকিত্সকেরা। ওমিক্রনের উপশাখা হল জেএন.১। ওমিক্রন ভাইরাসে মিউটেশন বা চরিত্র পরিবর্তনের ফলে জেএন.১ তৈরি হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গিয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দেওয়ায় জেএন.১ আরও অনেক বেশি কার্যকর। ফলে এটির সংক্রমণের হার বেশি।







