সরকারি চাকরির ক্ষেত্রে ‘পুরুলিয়ার কোটা’ কে দিয়েছিলেন? পুরুলিয়ার জনসমাবেশ ত্থেকে এবার সেই প্রশ্নই তুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির তদন্তের আবহে পুরুলিয়ায় চাকরির কোটা নিয়ে ‘কেলেঙ্কারি’র অভিযোগ তোলেন খোদ মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পুরুলিয়ার যুবকদের চাকরির কোটা ‘কেউ’ পকেটে ঢুকিয়েছেন। একাংশের মতে, ‘কেউ’ অর্থে মমতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করেছেন। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন মমতা তাঁকে পুরুলিয়ায় দলের পর্যবেক্ষক করেছিলেন।
মঙ্গলবার পুরুলিয়া শহরের রাস ময়দানের জনসভা থেকে সেলিমের উবাচ, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পুরুলিয়ার কোটা সব শুভেন্দু নিয়ে গিয়েছে। এটা উনি আজ জানলেন? পুরুলিয়ার কোটা কেন বললেন? তার মানে কোটা ভাগ করেছিলেন? তাহলে পরীক্ষায় জালিয়াতি ছিল? টেট, এসএসসি, কলেজ সার্ভিস কমিশনের অর্থ কী? কোটা কে দিয়েছিলেন, জবাব চাই।’ তরজা তুঙ্গে!







